
ঢাকা, ৩০ জুলাই – প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে তাঁর দিনের কর্মসূচি শুরু করেছেন তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তিনি এই নিয়োগপত্রগুলো হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জুলফিকার হাসান শিপলু এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় তাদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এই নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তাঁরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
নিয়োগপ্রাপ্ত নীলা খাতুন শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাঁকে রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আয়শা আক্তারও একইভাবে পা দিয়ে লিখে উচ্চশিক্ষা শেষ করেছেন এবং হাত না থাকায় মুখ দিয়ে নিয়োগপত্র গ্রহণ করেন। তাঁকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে দৃষ্টিপ্রতিবন্ধী মো. হাসমত আলীকে নিয়োগ দেওয়া হয়েছে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী হিসেবে।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই মহতী উদ্যোগের জন্য বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
এনএন/ ৩০ জুলাই ২০২৬





