থামার যেন নামই নেই, বরং সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে গতি! আদিত্য ধরের পরিচালনায় রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ এখন বক্স অফিসের নতুন চমক।
মুক্তির মাত্র তিন দিনের মাথায় ভারতের বাজারে নেট ৩৫২.৫৪ কোটি টাকা আয় করে এক অবিশ্বাস্য রেকর্ড গড়েছে এই স্পাই-থ্রিলার।
শনিবার (২১ মার্চ) ঈদের দিন ভারত জুড়ে ছিল ছুটির আমেজ। সেই ডবল ধামাকায় ভর করে এদিন বক্স অফিসে ১২৬ কোটির বেশি আয় করল ‘ধুরন্ধর ২-দ্য রিভেঞ্জ’।
৩ দিনের কালেকশনের গ্রাফ ট্রেড অ্যানালিস্ট ‘স্যাকনিল্ক’-এর রিপোর্ট অনুযায়ী, ছবির আয়ের খতিয়ান রীতিমতো চোখ কপালে তোলার মতো। ১৮ মার্চ (প্রিমিয়ার, পেইড প্রিভিউ): ৪৩ কোটি টাকা, মুক্তির প্রথম দিন (১৯ মার্চ) ১০২.৫৫ কোটি টাকা, দ্বিতীয় দিন (২০ মার্চ) ৮০.৭২ কোটি টাকা, তৃতীয় দিন (২১ মার্চ) ১২৬.২৭ কোটি টাকা।
মাত্র তিন দিনেই রণবীরের এই ছবি বলিউডের বেশ কিছু ব্লকবাস্টার ছবির ‘লাইফটাইম কালেকশন’ বা মোট আয়কে টপকে গেছে রণবীর-আদিত্য ধর জুটির ছবি। যা হৃতিক, রণবীর, সালমানদের ছবিকেও টেক্কা দিচ্ছে।
রণবীর সিং এবং পরিচালক আদিত্য ধরের যুগলবন্দিতে ২০২৬ সালের অন্যতম আলোচিত ছবি হলো ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। এটি মূলত ২০২৫ সালের ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল। এটি একটি হাই-ভোল্টেজ স্পাই-থ্রিলার।
ছবির কেন্দ্রীয় চরিত্র জাসকিরাত সিং রঙ্গী (রণবীর সিং), যিনি করাচির অপরাধ জগতের ডন ‘হামজা আলী মাজারি’ সেজে পাকিস্তানের গভীরে অনুপ্রবেশ করেন। ভারতের বিরুদ্ধে হওয়া বিভিন্ন জঙ্গি হামলার প্রতিশোধ এবং পাকিস্তানের অন্ধকার জগতের জাল ছিঁড়ে ফেলাই তার মূল লক্ষ্য।
রণবীর সিং ছাড়াও এই ছবিতে আর মাধবন (অজয় সান্যাল চরিত্রে), সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল এবং অক্ষয় খান্না-র মতো শক্তিশালী অভিনেতারা রয়েছেন। প্রায় ৪ ঘণ্টার এই দীর্ঘ ছবিটি তার টানটান উত্তেজনা, দেশভক্তির আবেগ এবং দুর্দান্ত অ্যাকশন সিক্যুয়েন্সের জন্য দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। করাচির ‘লিয়ারি’ অঞ্চলের গ্যাং ওয়ার এবং ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটকে পরিচালক আদিত্য ধর অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন।




