তারেক রহমান জাতীয় সরকারে আপনাদের সন্তানকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন – DesheBideshe

তারেক রহমান জাতীয় সরকারে আপনাদের সন্তানকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন – DesheBideshe

তারেক রহমান জাতীয় সরকারে আপনাদের সন্তানকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন – DesheBideshe

পটুয়াখালী, ৯ ফেব্রুয়ারি – গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর বলেছেন, তিনি যদি এই আসন থেকে নির্বাচন না করতেন, তাহলে অনেক মানুষ দেশছাড়া, গ্রামছাড়া ও ঘরছাড়া হয়ে যেত। তার দাবি, একমাত্র ভিপি নুর এখান থেকে নির্বাচন করছেন বলেই এলাকার মানুষ কিছুটা নিরাপদ ছিলেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গলাচিপা হাই স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের ভাই-বোনদের উদ্দেশে নুরুল হক নুর বলেন, এই এলাকায় যদি আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা স্বতন্ত্র প্রার্থীর হয়ে যায়, তাহলে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত সবাই তাদের লোক হয়ে যাবে। সে পরিস্থিতিতে আওয়ামী লীগ এই এলাকায় একটি লোকও ধরে রাখতে পারবে না।

তিনি আরও বলেন, যে কয়জন কম বয়সী তরুণ সংসদ সদস্য প্রার্থী রয়েছেন, তাদের মধ্যে তিনি এলাকাবাসীরই একজন সন্তান। নানা প্রতিকূল পরিস্থিতির কারণে তিনি সব জায়গায় যেতে পারেননি, বাজারে গিয়ে সবার কাছে ভোট চাইতেও পারেননি। অনেকেই হয়তো আশা করেছিলেন তিনি নিজে এসে দেখা করবেন। এসব সীমাবদ্ধতার জন্য তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

নুর বলেন, তারেক রহমান জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে তাদের সন্তানকে মন্ত্রী বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি দশমিনা ও গলাচিপাকে আর পিছিয়ে না রাখতে এবং উন্নয়ন থেকে বঞ্চিত না করতে আহ্বান জানান। তারেক রহমানের জাতীয় সরকার গঠনে ভূমিকা রাখতে চাইলে আগামী ১২ ফেব্রুয়ারি ট্রাক মার্কায় ভোট দেওয়ার কথাও বলেন তিনি।

তিনি আরও বলেন, এই অঞ্চলের হাতে বিপুল সম্ভাবনা রয়েছে। তবে সঠিক সিদ্ধান্ত না নিলে ভবিষ্যৎ শুধু দুর্ভোগের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এলাকার উন্নয়ন এবং ছেলেমেয়েদের চাকরি-বাকরির সুযোগ নিশ্চিত করতে হলে সবাইকে সচেতনভাবে ভোট দিতে হবে।

এ সময় বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

এনএন/ ৯ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top