
ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।
আগামী মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় এই শপথ অনুষ্ঠান আয়োজিত হবে।
অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে আমন্ত্রণ জানানো হলেও অনিবার্য কারণে তাঁরা উপস্থিত থাকতে পারছেন না। তাঁদের পরিবর্তে ভারতের পক্ষে লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্র এবং পাকিস্তানের পক্ষে ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মাও শপথ অনুষ্ঠানে অংশ নেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীন ও ভারতসহ বন্ধুপ্রতিম ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছিলেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় দুই দশক পর দলটি সরকার গঠন করতে যাচ্ছে। নির্বাচনে বিএনপি ২০৯টি এবং জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন এবং সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ পড়াবেন।
এনএন/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬




