
ঢাকা, ২৭ মে – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রমের ওপর ভিত্তি করে একটি ই-বুক প্রকাশিত হয়েছে।
বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এই ই-বুকে সরকারের উল্লেখযোগ্য অর্জন, বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম এবং গৃহীত গুরুত্বপূর্ণ জনমুখী পদক্ষেপগুলো তুলে ধরা হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত এই ই-বুকটি সময়ের সঙ্গে নিয়মিত হালনাগাদ করার পরিকল্পনা রয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১০০ দিনে সরকারের প্রধান লক্ষ্য ছিল দিকনির্ধারণ, প্রশাসনিক পুনর্গঠন এবং সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনা।
বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, জ্বালানি সংকট ও কর্মসংস্থানের সীমাবদ্ধতার মধ্যেও সরকার কিছু গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ এবং ডিজিটাল ভূমিসেবার মতো কার্যক্রম।
এছাড়া বিচারব্যবস্থায় ডিজিটাল সংস্কার এবং ইমাম ও মুয়াজ্জিনদের জন্য আর্থিক সম্মানীর ব্যবস্থাও প্রশংসা কুড়িয়েছে।
প্রশাসনিক ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের বেশ কিছু ব্যক্তিগত সিদ্ধান্ত সরকারের রাজনৈতিক বার্তায় ভিন্ন মাত্রা যোগ করেছে। রাষ্ট্রীয় প্রটোকল সীমিত রাখা এবং সরকারি ব্যয়ে সাশ্রয়ী হওয়ার মতো পদক্ষেপগুলো জনমনে ইতিবাচক প্রভাব ফেলেছে। মাঠপর্যায়ের সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দিয়ে তিনি প্রশাসনকে সরাসরি সাধারণ মানুষের সেবায় নিয়োজিত করেছেন।
ই-বুকে আরও উল্লেখ করা হয় যে, সরকারের বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মতে, নির্বাচনী প্রতিশ্রুতিকে বাস্তব কর্মপরিকল্পনায় রূপ দেওয়াই এই সরকারের প্রধান সাফল্য।
গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার রিজার্ভ সংকট ও বিনিয়োগ স্থবিরতার মতো প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করছে। তবে প্রথম ১০০ দিনের মধ্যেই নীতিনির্ধারণে দ্রুততা এবং প্রশাসনিক শৃঙ্খলার মাধ্যমে সরকার একটি ইতিবাচক ভবিষ্যৎ গড়ার ইঙ্গিত দিয়েছে। জনগণের সেবামুখী ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তুলতে সরকার তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
এনএন/ ২৭ মে ২০২৬






