তারেক রহমানের দায়িত্ব গ্রহণ রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা: জেপিবি | চ্যানেল আই অনলাইন

তারেক রহমানের দায়িত্ব গ্রহণ রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা: জেপিবি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জনতা পার্টি বাংলাদেশের (জেপিবি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন বলেন, তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক দূরদর্শিতা ও দীর্ঘদিনের সংগ্রামী অভিজ্ঞতা বিএনপিকে একটি সুসংহত, গতিশীল ও নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করতে সক্ষম হবে।

রোববার (১১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জনতা পার্টি বাংলাদেশ’ এই নেতৃত্ব পরিবর্তনকে কেবল একটি দলীয় আনুষ্ঠানিকতা হিসেবে নয়; বরং দেশের বহুদলীয় গণতন্ত্র, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে একটি নতুন পর্যায়ের সূচনাবিন্দু হিসেবে বিবেচনা করে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিকূল রাজনৈতিক বাস্তবতা, রাষ্ট্রক্ষমতার কেন্দ্রীভূত প্রবণতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের ক্রমাগত অবক্ষয়ের প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্ব একটি কার্যকর রাজনৈতিক ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ‘জনতা পার্টি বাংলাদেশ’ দৃঢ়ভাবে প্রত্যাশা করে।

জেপিবির চেয়ারম্যান বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্র, আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলনে আরও সুসংগঠিত ও দৃঢ় অবস্থান গ্রহণ করবে। এর মাধ্যমে দেশে একটি জবাবদিহিমূলক, অংশগ্রহণমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম নতুন গতি পাবে—যা সমগ্র গণতান্ত্রিক শক্তির জন্য ইতিবাচক বার্তা বহন করে।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদ মিথ্যা ও হয়রানি মূলক মামলায় বন্দী আছেন। বর্ষীয়ান সাংবাদিক ও পেশাজীবী সমাজের সম্মানিত ব্যক্তিত্ব এবং বর্তমানে শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ একজন ব্যক্তিকে হয়রানি করার তীব্র নিন্দা জানাই। জনতা পার্টি বাংলাদেশ তার অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানায়।

সংবাদ বিজ্ঞিপ্তিতে জানানো হয়, জনতা পার্টি বাংলাদেশ বিশ্বাস করে নৈতিক রাজনীতির পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধের পুনরুজ্জীবনই জাতীয় সংকট উত্তরণের একমাত্র পথ।

Scroll to Top