বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে ভারত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন ভারতের লোকসভার মাননীয় স্পিকার শ্রী ওম বিড়লা। তিনি ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি শুভেচ্ছা-পত্র তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।
রণধীর জয়সওয়াল বলেন, চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
ভারত জানিয়েছে, দুই দেশের উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ-ভারত বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা করছে নয়াদিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের মুখপাত্র আরও উল্লেখ করেছেন, পারস্পরিক সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



