চট্টগ্রাম-১১ আসনে খসরুর ১১ প্রতিশ্রুতি
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ এলাকার উন্নয়নে ১১ দফা বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছেন তিনি। নির্বাচনী প্রচারণায় ভোটারদের মধ্যে তা তুলেও ধরছেন।
প্রতিশ্রুতিগুলোর মধ্যে আছে, বন্দর-পতেঙ্গা এলাকায় ১ হাজার ২০০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ, বেকার তরুণদের জন্য ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং প্রশিক্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও অপরাধের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়ন, পানীয় জলের ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ও পানি নিষ্কাশনব্যবস্থা করা, দীর্ঘমেয়াদি যানজট নিরসন পরিকল্পনা, ইপিজেড ও শিল্পাঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তাঘাটের বেহাল দশা দূর করে টেকসই সড়কব্যবস্থা গড়ে তোলা, চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট নিরসনে আধুনিক ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে বাণিজ্য ও অর্থনীতি গতিশীল করা, নাগরিক সেবায় বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতা দূর করে একীভূত ও ডিজিটাল সেবা ব্যবস্থা চালু ও পরিকল্পিত, আধুনিক ও অগ্রগামী নগর হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি নগর-পরিকল্পনা বাস্তবায়ন করা।



