জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দিনের প্রথম ইনিংসে অল্প রানে অলআউট হওয়ার পর বোলিংয়েও খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। জিম্বাবুয়ের প্রথম ইনিংসে বড় লিডের পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় দিন শেষে এখনও ২৩০ রানে পিছিয়ে আছে সফরকারী বাংলাদেশ।
হারারে স্পোর্টস ক্লাবে প্রথম ইনিংসে আগে ব্যাটে নেমে মাত্র ১৪০ রানে অলআউট হয় লাল-সবুজের প্রতিনিধিরা। জবাব প্রথম ইনিংসে তাইজুল ইসলামের ঘূর্ণিতে ২৭০ রানের লিড পায় রিচার্ড নাগারাভার দল।
জিম্বাবুয়ের প্রথম দিনে ৩৪ ওভার খেলে ১৩৬ রান তুলেছিল এক উইকেট হারিয়ে। দ্বিতীয় দিন দলটি আরও ৭৩.২ ওভার খেলেছে। সবমিলে দলটির সংগ্রহ দাঁড়ায় ৪১০ রান, লিড পায় ২৭০ রানের। জিম্বাবুয়ের ওপেনার ইনোসেন্ট কায়া সর্বোচ্চ ১৪০ রান করে আউট হন।
দলটির দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে ওয়েসলি মাধেবেরের থেকে। এ ব্যাটারের থেকে আসে ৭৭ রান। এরপর ক্রেইগ আরভিনের থেকে আসে ৬০ রান। এছাড়া ব্রায়ান বেনেট ৫৯ রান করে আউট হন। এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে প্রথম ইনিংসেই পাহাড়সম লিড দাঁড় করায় দলটি।
বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম একাই নেন ৭ উইকেট। দুটি উইকেট নেন খালেদ আহমেদ।
বাংলাদেশ লিডের বোঝা মাথায় নিয়ে দ্বিতীয় দিন ৯ ওভার ব্যাট করেছে। দলটির সংগ্রহ দাঁড়িয়েছে ৪০ রান এক উইকেট হারিয়ে। ২১ রানে ওপেনার মাহমুদুল হাসান জয় ও ৯ রানে মোমিনুল হক অপরাজিত আছেন। তৃতীয় ব্যাটে নামবেন তারা। ৯ রানে আউট হয়েছেন ওপেনার সাদমান ইসলাম।


