তরুণদের দক্ষতা ও নৈতিকতা কাজে লাগাতে পারলে দেশ এগিয়ে যাবে: নজরুল ইসলাম খান – DesheBideshe

তরুণদের দক্ষতা ও নৈতিকতা কাজে লাগাতে পারলে দেশ এগিয়ে যাবে: নজরুল ইসলাম খান – DesheBideshe

তরুণদের দক্ষতা ও নৈতিকতা কাজে লাগাতে পারলে দেশ এগিয়ে যাবে: নজরুল ইসলাম খান – DesheBideshe

ঢাকা, ২১ ফেব্রুয়ারি – বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণ জনগোষ্ঠীকে সবচেয়ে বড় শক্তি হিসেবে অভিহিত করেছেন নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে তরুণ জনসংখ্যা বেশি, যা একটি বিশাল সম্ভাবনা। তরুণদের মেধা, নৈতিকতা ও চিন্তাশক্তিকে সঠিক পরিকল্পনার মাধ্যমে কাজে লাগাতে পারলে দেশ অনেক দূর এগিয়ে যাবে। জনসংখ্যাকে বোঝা মনে না করে জনসম্পদে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন প্রাঙ্গণে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত নির্বাচনি বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বাস্তবতা বিবেচনায় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি অভিযোগ করেন, দলীয়করণ, আত্মীয়করণ, দুর্নীতি ও অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার ফলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অচলায়তন ভেঙে সামনে এগিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই। যুবসমাজের হতাশা প্রসঙ্গে তিনি বলেন, অনেক তরুণের মনে ক্ষোভ ও আক্ষেপ রয়েছে।

তাদের ন্যায্য দাবি ও স্বপ্ন পূরণে একক চেষ্টার বদলে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নিজের দীর্ঘ শ্রমিক আন্দোলনের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, দেশ ও আগামী প্রজন্মের সাফল্যই তার রাজনৈতিক জীবনের বড় প্রাপ্তি। জনসংখ্যা ব্যবস্থাপনায় সঠিক পরিকল্পনার প্রয়োজনীয়তা বোঝাতে তিনি পানি ব্যবস্থাপনার উদাহরণ দেন। তিনি বলেন, সুষ্ঠু পরিকল্পনা থাকলে যেমন পানির অভাব বা আধিক্য কোনো সমস্যা নয়, তেমনি সঠিক উদ্যোগ নিলে জনসংখ্যাও বোঝা না হয়ে সম্পদে পরিণত হবে। তরুণদের শুধু স্বপ্ন না দেখে তা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে বিতর্ক চর্চার ইতিহাস স্মরণ করে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া একসময় জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের জন্য প্রধানমন্ত্রী গোল্ড কাপ প্রবর্তন করেছিলেন।

এ ধরনের আয়োজন পুনরায় চালু করার প্রস্তাব তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আনার আশ্বাস দেন। পাশাপাশি পাঠ্যপুস্তকে সহশিক্ষা কার্যক্রম হিসেবে বিতর্ককে অন্তর্ভুক্ত করার পক্ষেও মত দেন তিনি।

এসএএস/ ২১ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top