ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ – DesheBideshe

ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ – DesheBideshe


ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ – DesheBideshe

ঢাকা, ৮ এপ্রিল – ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনার জেরে বর্তমানে হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসা সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এই উত্তেজনার সূত্রপাত হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষার্থীদের সঙ্গে জরুরি বিভাগের চিকিৎসকদের হাতাহাতির ঘটনা ঘটে। এর ফলে জরুরি বিভাগে নতুন কোনো রোগী ভর্তি নেওয়া হচ্ছে না এবং চিকিৎসা সেবাও বন্ধ রয়েছে। ঘটনার পর থেকে হাসপাতাল এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসপাতালের গেটের বাইরে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। শিক্ষার্থীদের অভিযোগ তাদের পাঁচজন সহপাঠীকে একটি কক্ষে আটকে রেখে মারধর করেছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

অপরদিকে ইন্টার্ন চিকিৎসকদের দাবি তারাও শিক্ষার্থীদের দ্বারা মারধরের শিকার হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে চিকিৎসকদের বাগবিতণ্ডার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।

এনএন/ ৮ এপ্রিল ২০২৬



Scroll to Top