প্রতিটি ই-রিকশায় ‘স্পিডোমিটার’ বা ‘ওডোমিটার’ স্থাপন করতে হবে। ত্রুটিযুক্ত ও অবৈধ যানবাহন চলাচল নিষিদ্ধ। কোনো যান্ত্রিক বা নিরাপত্তা ত্রুটিযুক্ত ও নিবন্ধনবিহীন অবৈধ ই-রিকশা সড়কে চালানো যাবে না।
মেট্রোপলিটন এলাকার ট্রাফিক বিভাগ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথভাবে অথবা পৃথকভাবে অবৈধ ই-রিকশা চলাচল বন্ধের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
ই-রিকশা জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও প্রধান বাস চলাচলের সড়ক বা করিডর এবং প্রশাসন কর্তৃক সময়–সময় নিষেধাজ্ঞা আরোপিত সড়কে চলাচল করতে পারবে না।
ই-রিকশা ফুটপাতে চলাচল করতে পারবে না। ই-রিকশাচালক সব সময় সড়কের বাঁ লেন অনুসরণ করে চলাচল করবে।
ই-রিকশাচালক ড্রাইভিং করা অবস্থায় মুঠোফোন ব্যবহার করতে পারবেন না। ই-রিকশাচালক নিয়মবহির্ভূতভাবে ওভারটেকিং ও লেন পরিবর্তন করতে পারবেন না।
নীতিমালায় বলা হয়েছে, ই-রিকশায় চালক ছাড়া আকারভেদে দুই বা চারজনের বেশি যাত্রী পরিবহন করা যাবে না। যাত্রীর হাতে বহনযোগ্য মালামাল ছাড়া অন্য কোনো বাণিজ্যিক পণ্য পরিবহন করা যাবে না।

