ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলছেন, ক্যামেরা বসানোর পরও ঢাকার সড়কে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। নিবন্ধন না থাকায় ক্যামেরায় আইন লঙ্ঘনের বিষয়টি ধরা পড়লেও মামলা দেওয়া যাচ্ছে না।
এ ছাড়া অনেক যানবাহনের নম্বরপ্লেট অস্পষ্ট। আবার কিছু যানবাহনে নম্বরপ্লেট নেই। ফলে ক্যামেরা সেসব যানবাহন শনাক্ত করতে পারছে না।
বিআরটিএ নির্ধারিত নম্বরপ্লেট ব্যবহার করতে ১১ মে গণবিজ্ঞপ্তি জারি করে ডিএমপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কে চলাচলকারী নিবন্ধিত যানবাহনে সরকার কর্তৃক নির্ধারিত রং, নকশা ও আকারের নম্বরপ্লেট যথাযথ স্থানে লাগানোর আইনগত বাধ্যবাধকতা রয়েছে।
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, নিবন্ধন নেই কিংবা অস্পষ্ট নম্বরপ্লেটযুক্ত যানবাহনের বিরুদ্ধে পবিত্র ঈদুল আজহার পর বড় অভিযান শুরু হবে।
ঢাকায় পুরোনো লক্কড়ঝক্কড় বাস চলে। এসব বাস অনেক সময় সিগন্যাল মানে না। মাসোহারা দিয়ে এসব বাস চলতে পারে বলে অভিযোগ রয়েছে। আশা করা হচ্ছে, এআই ক্যামেরার হাত থেকে বাসমালিকেরা রক্ষা পাবেন না।



