ঢাকায় দাওয়াতে ইসলামীর ৩ দিনের ইজতেমা, প্রথমদিনেই মুসল্লির ঢল | চ্যানেল আই অনলাইন

ঢাকায় দাওয়াতে ইসলামীর ৩ দিনের ইজতেমা, প্রথমদিনেই মুসল্লির ঢল | চ্যানেল আই অনলাইন

ঢাকার এয়ারপোর্ট আসিয়ান সিটিতে শুরু হয়েছে তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমা। ইজতেমার প্রথমদিনেই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মুসল্লির ঢল নেমেছে। চলছে ইমান ও আক্বিদা, আমল, আখলাকসহ বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা।

কুরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বিনী সংগঠন দাওয়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে বুধবার (২৪ ডিসেম্বর) ফজরের নামাজের মধ্যদিয়ে শুরু হয় ইজতেমা।

সময়ের গুরুত্ব, উত্তম চরিত্র, সন্তানের সুশিক্ষা ও পরিবারের সংশোধন, গানের ভয়াবহতা ইত্যাদি বিষয়ে কুরআন-হাদিস দিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন দাওয়াতে ইসলামীর মুবাল্লিগ মাওলানা সোহেল মাদানী আত্তারী, মাওলানা সোলায়মান মাদানী আত্তারী, মুহাম্মদ ইমরান আত্তারী, মুহাম্মদ নাঈমুল হায়দার কাদেরী প্রমুখ।

তিনদিনে দেশ বিদেশের মুবাল্লিগে দাওয়াতে ইসলামী, সুন্নি স্কলার, আলেমে দ্বীন ইসলামের মৌলিক বিষয়, আকায়েদ, আমল ও আখলাক নিয়ে সারগর্ভ বয়ান করবেন।

ইজতেমার প্রথম দিনে সারাদেশ থেকে মুসল্লিদের ঢল নামে। আয়োজকদের সামিয়ানা অতিক্রম করে বাহিরে অবস্থান নিচ্ছে মুসল্লিরা, কেউ বা নিজ নিজ এলাকার ভিত্তিক পলিথিন ব্যবহার করে থাকার ব্যবস্থা করছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমআর পর আখেরি মোনাজাতে মাধ্যমে শেষ হবে এই ইজতেমা।

Scroll to Top