যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন প্রশাসনের অর্থমন্ত্রী পদে স্কট বেসেন্টকে মনোনয়ন দিয়েছেন। স্কট বেসেন্ট যুক্তরাষ্ট্রের করনীতি, সরকারি ঋণ, আন্তর্জাতিক অর্থায়ন ও নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ বিষয়াবলিতে নেতৃত্ব দেবেন।
আজ ২৩ নভেম্বর বুধবার একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, অর্থমন্ত্রী পদে স্কট বেসেন্টের নাম ঘোষণা করে শুক্রবার নিজের সোশ্যাল ট্রুথে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বিশ্বের অন্যতম খ্যাতনামা আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং ভূরাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলবিদ হিসেবে স্কটকে ব্যাপক সম্মান করা হয়। বেসরকারি খাতকে পুনরুজ্জীবিত করতে এবং ফেডারেল ঋণের অ-টেকসই পথ বন্ধ করতে সহায়তা করবেন তিনি।
ট্রাম্প আরও বলেন, তিনি (স্কট) আমেরিকা ফার্স্ট এজেন্ডার দীর্ঘদিনের সমর্থক। আমার নীতিগুলো সমর্থন করার মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক মনোভাবকে এগিয়ে নেবেন এবং অন্যায্য বাণিজ্য ভারসাম্যহীনতা রোধ করবেন। বিশ্বের নেতৃস্থানীয় অর্থনীতি হিসেবে আমাদের অবস্থানকে মজবুত করার প্রয়াসে তিনি আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন স্বর্ণযুগের সূচনা করতে সাহায্য করবেন।
৩০ বছর ধরে ট্রাম্প পরিবারকে চেনেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্টের ভাইয়ের সাথে বন্ধুত্ব করেছিলেন জানিয়ে বেসেন্ট এক সাক্ষাৎকারে বলেছেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পের একনিষ্ঠ সমর্থক ছিলাম। ওয়াল স্ট্রিটের যে কয়েকজন লোক তাকে সমর্থন করেছিল আমি তাদের একজন। ট্রাম্পের মন্ত্রিসভায় থাকা মানে আপনার কাজ হল ডোনাল্ড ট্রাম্প যা করতে চান তা করা এবং তার নীতিগুলো বাস্তবায়নের কার্যকর উপায় খুঁজে বের করা।

বেসেন্ট দক্ষিণ ক্যারোলিনার বাসিন্দা। তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং বিলিয়নেয়ার জর্জ সোরোসের সামষ্টিক অর্থনৈতিক বিনিয়োগ সংস্থা সোরোস ফান্ড ম্যানেজমেন্টের প্রধান বিনিয়োগ কর্মকর্তা হিসাবে কাজ করেছেন। তিনি ২০১৫ সালে তার নিজস্ব হেজ ফান্ড শুরু করেন। এজন্য তিনি সোরোস থেকে দুই বিলিয়ন মার্কিন ডলারসহ মূলধন সংগ্রহ করেন।




