ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার দাবি নাকচ করে দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ‘ভুয়া খবর’ হিসেবে আখ্যা দিয়েছে তেহরান।
সোমবার (২৩ মার্চ) ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা শান্তি আলোচনা হয়নি। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় ট্রাম্পের বক্তব্যের তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজার বিশেষ করে তেল বাণিজ্যে প্রভাব বিস্তার এবং নিজেদের তৈরি সংকট থেকে দৃষ্টি সরাতেই এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এর আগে একই দিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু হয়েছে এবং পাঁচ দিনের মধ্যেই একটি বড় ধরনের চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে।
উল্লেখ্য, গত ২১ মার্চ ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ইরান যদি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে না দেয়, তবে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হতে পারে। তবে পরবর্তীতে তিনি জানান, ইরানের নীতিনির্ধারণী পর্যায়ের অজ্ঞাত কর্মকর্তাদের সঙ্গে ‘জোরালো’ আলোচনা চলার কারণে আপাতত পাঁচ দিনের জন্য হামলা স্থগিত রাখা হয়েছে।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে আলোচনার কোনো পরিবেশ নেই। যদিও অঞ্চলের কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে, তবুও তেহরান তাদের অবস্থানে অনড় রয়েছে।



