ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ যোগ দিল ইসরায়েল, গাজা পুনর্গঠনে ভূমিকা রাখবে তেল আবিব – DesheBideshe

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ যোগ দিল ইসরায়েল, গাজা পুনর্গঠনে ভূমিকা রাখবে তেল আবিব – DesheBideshe

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ যোগ দিল ইসরায়েল, গাজা পুনর্গঠনে ভূমিকা রাখবে তেল আবিব – DesheBideshe

তেল আবিব, ১২ ফেব্রুয়ারি – যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার প্রশাসন পরিচালনা ও পুনর্গঠন কাজের তদারকির লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গঠিত ‘বোর্ড অব পিস’-এর সদস্যপদ গ্রহণ করেছে ইসরায়েল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাতের সময় এই অন্তর্ভুক্তির চুক্তিতে স্বাক্ষর করা হয়েছে। পরবর্তীতে তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নেতানিয়াহু উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের অটুট মিত্রতাকে আরও শক্তিশালী করতে তিনি এবং প্রেসিডেন্ট ট্রাম্প উভয়েই প্রস্তুত।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পরদিন থেকে গাজায় আইডিএফের অভিযান শুরু হয়। দীর্ঘ দুই বছরের এই সংঘাতে প্রায় ৭২ হাজার ফিলিস্তিনি নিহত হন এবং গাজা উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।

আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানে সাড়া না দিলেও অবশেষে ট্রাম্প প্রশাসনের চাপে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর ট্রাম্পের পেশ করা ২০ দফা পরিকল্পনার ভিত্তিতে গত ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।

এই শান্তি পরিকল্পনা অনুযায়ী, গাজার প্রশাসনিক দায়িত্ব একটি অনির্বাচিত টেকনোক্র্যাট সরকারের হাতে থাকবে এবং নিরাপত্তা নিশ্চিত করবে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স বা আইএসএফ। এই উভয় সংস্থাই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত ‘বোর্ড অব পিস’-এর কাছে দায়বদ্ধ থাকবে।

গত জানুয়ারির মাঝামাঝি গঠিত এই বোর্ডের সদস্য হওয়ার জন্য বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানান ট্রাম্প। প্রতিটি সদস্যরাষ্ট্রের জন্য ১০০ কোটি ডলার চাঁদা নির্ধারণ করা হয়েছে যা গাজার পুনর্গঠনে ব্যয় হবে। পাকিস্তান, ইন্দোনেশিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যেই এই বোর্ডের সদস্যপদ গ্রহণ করেছে।

এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হলো ইসরায়েল।

এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top