দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে বিরামপুর পৌর শহরের টিএন্ডটি অফিসের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘোড়াঘাটগামী মোটরসাইকেলকে পিছন থেকে একটা ট্রাক সজোরে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহীর মৃত্যু হয়। শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন রাস্তাঘাট ফাঁকা ও শহরের দোকানপাট বন্ধ থাকায় দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মৃতদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এবং সড়ক পরিস্কার করে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
নিহত দু’জনের মধ্যে একজনের মানিব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় জানা গেছে। তিনি হলেন, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে মো. সজিব হাসান (২৫)। নিহত অপর একজনের পরিচয় এখনও জানা যায়নি।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার সড়ক দুর্ঘটনায় দু’জনের নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহত দু’জনের মধ্যে একজনের পরিচয় জানা গেলেও অপর একজনের পরিচয় বের করার চেষ্টা চলছে।
পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মৃতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।



