
নয়াদিল্লি, ২৬ মে – বিশ্ব ক্রিকেটে যখনই কোনো নতুন প্রতিভার আগমন ঘটে, রেকর্ড বই ওলটপালট হতে শুরু করে। তবে এবার মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেট দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ম্যাচজয়ী ১৭৫ রানের অতিমানবীয় ইনিংস খেলে ওয়ানডে-তে দ্বিশতকের লক্ষ্যের কথা আগেই জানিয়েছিলেন তিনি। এবার ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট অর্থাৎ টি-টোয়েন্টিতেও একাই ২০০ রান করার অবিশ্বাস্য আকাঙ্ক্ষা প্রকাশ করলেন এই খুদে ক্রিকেটার!
ইউটিউবের একটি জনপ্রিয় শো-তে সাবেক ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেনের মুখোমুখি হয়ে সূর্যবংশী এই ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন, যা এখন সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে তুমুল ভাইরাল।
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইল। ২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে অপরাজিত ১৭৫ রান করেছিলেন তিনি। গত এক দশকেরও বেশি সময় ধরে এই রেকর্ড কেউ স্পর্শ করতে পারেনি।
ইউটিউব শো ‘দ্য সুইচ’-এ কেভিন পিটারসেন যখন সূর্যবংশীকে গেইলের এই রেকর্ডের কথা মনে করিয়ে দেন, তখন বিন্দুমাত্র দ্বিধা না করে এই বিস্ময় বালক উত্তর দেয়, সূর্যবংশীর হুঙ্কার: “হ্যাঁ, আমি ক্রিস গেইলের রেকর্ড ভাঙতে চাই এবং টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে ২০০ রান করতে চাই। আমি যদি কোনো ম্যাচে পুরো ২০ ওভার ব্যাট করার সুযোগ পাই, তাহলে অবশ্যই এই রেকর্ড ভেঙে দেবো।”
এই শো-র একটি অংশে সাবেক ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেন ভারতীয় এই ওপেনারকে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। পিটারসেন তাকে ৫০ বলে ১০০ রান করার টার্গেট দিয়েছিলেন। কিন্তু সবাইকে স্তব্ধ করে দিয়ে, মাঠের চারিপাশে ছক্কার বৃষ্টি নামিয়ে মাত্র ২৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যবংশী! তার এই পাওয়ার-হিটিং দেখে স্বয়ং পিটারসেনও মুগ্ধতা লুকাতে পারেননি।
উল্লেখ্য, টি-টোয়েন্টি ফরম্যাটে সূর্যবংশীর সর্বোচ্চ ইনিংসটি কিন্তু কম যান না—১৪৪ রানের! গত বছর নভেম্বরে রাইজিং স্টার্ক এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৪২ বল খেলে ১১টি চার ও ১৫টি ছক্কার সাহায্যে এই বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি।
এখন দেখার বিষয়, অনূর্ধ্ব-১৯ পর্যায় মাতিয়ে সিনিয়র ক্রিকেটের মূল মঞ্চে এসে গেইলের রেকর্ড ভাঙার এই স্বপ্ন সূর্যবংশী কবে সত্যি করতে পারেন!
এনএন/ ২৬ মে ২০২৬






