নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)৷ বিশ্রাম দেয়া হয়েছে তিন তারকা পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে। প্রথমবার এই সংস্করণে ডাক পেয়েছেন তরুণ পেসার আব্দুল গাফফার সাকলাইন। এশিয়ান গেমসে তিন ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা ২৩ বর্ষী ডানহাতি পেসার রিপন মন্ডলও ডাক পেয়েছেন জাতীয় দলে।
আগামী ২৭ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। একই ভেন্যুতে ২৯ এপ্রিল হবে দ্বিতীয় টি-টুয়েন্টিও। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ২ মে ঢাকার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে হবে।
তবে দুদলই এখন ব্যস্ত ওয়ানডে সিরিজ নিয়ে। ঢাকার দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতায় রয়েছে লাল-সবুজ ও ব্ল্যাক ক্যাপস দল। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ খেলতে দুদল এখন চট্টগ্রামে।
বাংলাদেশ টি-টুয়েন্টি দল: লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, মোহাম্মদ সাইফউদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।





