টিকিটের অর্থ যাবে মাইলস্টোন হতাহত ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনে | চ্যানেল আই অনলাইন

টিকিটের অর্থ যাবে মাইলস্টোন হতাহত ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনে | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে প্রথম দুটিতে জিতে সিরিজ নিশ্চিত করে রেখেছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারীদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে নেমেছে লিটন দাসের দল। শেষ ম্যাচে বিক্রি হওয়া সব টিকিটের অর্থ সম্প্রতি ঘটে যাওয়া মাইলস্টোন ট্র্যাজেডির হতাহতদের পরিবার ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। বলেছে, সংহতি ও স্মরণের নিদর্শন হিসেবে, এই ম্যাচের টিকিট থেকে পাওয়া সম্পূর্ণ অর্থ দুটি উদ্দেশ্যে ব্যয় করবে বিসিবি। ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের জন্য এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘ক্রিকেট বাংলাদেশে খেলার চেয়েও বেশিকিছু। এই বিষাদ ও স্মৃতিচিহ্ন রাখার সময়ে, আমাদের কমিউনিটি হিসেবে একসঙ্গে দাঁড়াতে হবে। বিসিবি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এসব ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের জন্য ছোট্ট অবদান রাখতে পেরে ভালো বোধ করছে। আক্রান্ত পরিবার ও ভালোবাসার মানুষদের হারানোদের প্রতি আমাদের প্রার্থনা রইল।’

গতবছর জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে হতাহতদের সাহায্য করতে জুলাই স্মৃতি ফাউন্ডেশন গড়েছে অন্তর্বর্তী সরকার। গত সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর একটি ফাইটার জেট বিধ্বস্ত হয়। তাতে এপর্যন্ত ৩১ জন নিহত এবং দেড়শতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিসিবি।

Scroll to Top