টিকা স্বল্পতার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল ইউনিসেফ | চ্যানেল আই অনলাইন

টিকা স্বল্পতার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল ইউনিসেফ | চ্যানেল আই অনলাইন

অন্তর্বর্তী সরকারের সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অন্তত ৫ বার চিঠি দিয়ে টিকার স্বল্পতার আশঙ্কার কথা জানিয়েছিল জাতিসংঘের শিশু উন্নয়ন তহবিল ইউনিসেফ। পাশাপাশি অন্তত ১০টি বৈঠকে সরকারি কর্মকর্তাদের একই তথ্য জানানো হয়েছিল বলে জানিয়েছেন ঢাকায় ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।

বুধবার (২০ মে) রাজধানীতে ইউনিসেফ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এবং টিকার সরবরাহ স্বল্পতার বিষয়টি অন্তর্বর্তী সরকারকে বারবার অবহিত করা হয়েছিল।

রানা ফ্লাওয়ার্স জানান, টিকা কেনার জন্য অর্থ কোনো সমস্যা ছিল না। বরং কোন প্রক্রিয়ায় টিকা ক্রয় করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি করায় সময়মতো দেশে টিকা পৌঁছায়নি। অন্তর্বর্তী সরকার ক্রয়প্রক্রিয়ায় পরিবর্তন আনায় এই বিলম্ব তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ইউনিসেফ প্রতিনিধি আরও বলেন, দেশে গত মার্চ থেকে হামের সংক্রমণ বাড়ছে এবং এ পর্যন্ত প্রায় ৬০ হাজার শিশু আক্রান্ত হয়েছে। ইতোমধ্যে পাঁচ শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। হামের বিস্তার ও টিকা সংকটের কারণ নিয়ে বিভিন্ন মহলে পাল্টাপাল্টি বক্তব্য চলার মধ্যেই ইউনিসেফের এই ব্যাখ্যা সামনে এলো।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রানা ফ্লাওয়ার্স বলেন, ইউনিসেফ মূলত টিকার সরবরাহ চেইন নিশ্চিত করতে কাজ করে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় শিশুদের ১০টি রোগ প্রতিরোধে দেওয়া ১২টি টিকার সরবরাহ ব্যাহত হলে আগে নিয়ন্ত্রণে থাকা রোগগুলো ফের ঝুঁকি তৈরি করতে পারে বলেও সতর্ক করেন তিনি।

একই সঙ্গে তিনি জানান, হামের প্রভাব এবং টিকা ক্রয়সংক্রান্ত বিষয়ে সরকার তদন্ত করলে প্রয়োজনে সেই প্রক্রিয়ায় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে ইউনিসেফ।

Scroll to Top