সরকারি-বেসরকারি মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী আগামীকাল ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) এই সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষের পূর্বনির্ধারিত ছুটির তালিকা সংশোধন করে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৬ মার্চ পর্যন্ত টানা ৩৬ দিন এই ছুটি কার্যকর থাকবে।
যেসব বিশেষ দিন উপলক্ষে এই ছুটি দেওয়া হয়েছে:
পবিত্র রমজান
শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব
পবিত্র শবেকদর (১৭ মার্চ)
জুমাতুল বিদা (২০ মার্চ)
ঈদুল ফিতর (২১ মার্চ)
স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ)
রমজানে স্কুল খোলা রাখা নিয়ে গত কয়েকদিন ধরে উচ্চ আদালতে আইনি বিতর্ক চলছিল। প্রথমে হাইকোর্ট পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখার নির্দেশ দিলেও পরবর্তীতে আপিল বিভাগের চেম্বার আদালত সেই আদেশে স্থগিতাদেশ দেন। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং শিক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষা মন্ত্রণালয় বার্ষিক ছুটির তালিকায় সংশোধন এনে রমজানের শুরু থেকেই ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেয়।
এর ফলে, আগামীকাল ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত দেশের সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে। প্রাথমিক বিদ্যালয়ের ছুটির বিষয়েও দ্রুত একই ধরণের নির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।


