২০২৪ সালে সরকার পরিবর্তনের পর বাফুফেতে ১৬ বছরের দীর্ঘ অধ্যায়ের ইতি টানেন কাজী সালাউদ্দিন। বাফুফেতে না থাকলেও ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) শীর্ষ পদটি ধরে রেখেছন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।
শনিবার ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফের কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সংস্থাটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের এই সাবেক তারকা ফুটবলার। সাফ নিশ্চিত করেছে বিষয়টি।
নেপাল ও ভুটান ফুটবল ফেডারেশনের প্রস্তাব ও সমর্থনে নিজ প্রার্থিতা নিশ্চিত করেন সালাউদ্দিন। একক প্রার্থী হওয়ায় আগেই তার জয় নিশ্চিত ছিল, থিম্পুতে সেটি আনুষ্ঠানিকতা পেল। এই কংগ্রেসেই বাফুফের বর্তমান সহসভাপতি সাব্বির আহমেদ আরেফকে সাফের নতুন নির্বাহী সদস্য হিসেবে করা হয়েছে।


