প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা নাকাল করেছিল নিউজিল্যান্ডকে। দ্বিতীয় টি-টুয়েন্টিতে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে নিউজিল্যান্ড। তৃতীয়টি এবার দাপুটে জয় পেয়েছে স্বাগতিকরা। ৮ উইকেট ও ২২ বল হাতে রেখে প্রোটিয়াদের হারিয়েছে কিউইরা। তাতে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল মিচেল স্যান্টনারের দল।
অকল্যান্ডের ইডেন পার্কে শুক্রবার টসে জিতে সাউথ আফ্রিকাকে আগে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। আগে ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রানের সংগ্রহ গড়ে কেশব মহারাজের দল। জবাবে ১৬.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিক দল।
ব্যাটে নেমে ৬৮ রানে ৬ উইকেট হারানোর পর প্রোটিয়ারা আর লড়াইয়ে ফিরতে পারেনি। সর্বোচ্চ ২৬ রান আসে নকোবানি মোকোয়েনার ব্যাট থেকে, আর ১৯ বলে ২৩ রান করেন জর্জ লিন্ডে। এছাড়া টপ ছয় ব্যাটার টনি ডি জর্জি, উয়ান মুল্ডার, কনর এস্টারহুইজেন, জেসন স্মিথ, রুবিন হারম্যান ও ডায়ান ফরেস্টার আউট হন ২০ রানের আগেই।
নিউজিল্যান্ডের হয়ে বেন সিয়ার্স, মিচেল স্যান্টনার ও কাইল জেমিসন নেন দুটি করে উইকেট। কৃপণ বোলিং করেছেন ফার্গুসন। ৪ ওভারে ৯ রান দিয়ে তিনি শিকার করেন এক উইকেট।
ছোট লক্ষ্য তাড়ায় নেমে দারুণ শুরু করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার। ডেভন কনওয়ে ও টম ল্যাথামের জুটি ১১তম ওভারের শেষ বল পর্যন্ত স্থায়ী হয়, ততক্ষণে দলীয় স্কোর পৌঁছে যায় ১ উইকেটে ৯৬ রানে। কনওয়ে ২৬ বলে ৩৯ রান করে কেশব মহারাজের শিকার হন।
তবে ল্যাথাম ছিলেন অনড়। ৭টি চার ও ২টি ছক্কায় ৫৫ বলে ৬৩ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।





