টানা তিন জয়ে ‘সি’ গ্রুপে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ম্যাচে নেপালকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শাই হোপের দল। বল হাতে নেপালকে ধ্বসিয়ে দেয়া জেসন হোল্ডার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় উইন্ডিজ। আগে ব্যাট করা নেপাল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে। জবাব দিতে নেমে ১৫.২ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচে এটি তাদের টানা তৃতীয় জয়।
নেপালের দীপেন্দ্র সিং আইরি সর্বোচ্চ ৫৮ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ২৬ রান করেন সোমপাল কামি। এছাড়া লোকেশ বামের থেকে আসে ১৩ রান।
ওয়েস্ট ইন্ডিজের হোল্ডার একাই নিয়েছেন ৪ উইকেট। এছাড়া আকিল হোসেইন, ম্যাথু ফোর্ড, শামার জোসেফ ও রস্টন চেজ একটি করে উইকেট নিয়েছেন।
স্বল্প লক্ষ্যে তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি হোপের দলের। সর্বোচ্চ ৬১ রান করে অপরাজিত থাকেন হোপ। ৪৬ রান করে অপরাজিত থাকেন শিমরন হেটমায়ার। ওপেনার ব্রান্ডন কিংয়ের থেকে আসে ২২ রান।
উইন্ডিজের পড়া একটি উইকেট নেন নন্দন যাদব।



