টাঙ্গাইলের মধুপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে উল্লেখ করে মধুপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন জানান, রক্তিপাড়া এলাকায় বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।



