৯০ মিনিটের খেলায় ১-০ গোলে জিতল আর্সেনাল। কিন্তু সেই জয় দুই লেগ মিলিয়ে দুই দলকে আলাদা করতে পারল না। পোর্তোর মাঠে প্রথম লেগটা যে আর্সেনাল হেরে এসেছিল ১-০ গোলেই। দুই লেগ মিলিয়ে তখন তাই ১-১ সমতা।
এমিরেটসে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর ফিরতি লেগ তাই গড়াল অতিরিক্ত সময়ে। সেখানেও গোল হলো না আর। অবশেষে তাই টাইব্রেকার। রোমাঞ্চকর সেই লড়াইয়ে ৪-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল আর্সেনাল। বিদায় নিল পোর্তো।



