এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার অবস্থানে অনড় বাংলাদেশ। এমন উত্তাপের মাঝেই যুব বিশ্বকাপে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। সে ম্যাচে টসের পর হাত মেলাননি দুদলের অধিনায়ক। এ ঘটনা নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে এ ঘটনাকে অসাবধানতাবশত বলে উল্লেখ করা হয়েছে।
বিসিবি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে লিখেছে, ‘আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৬ এর বাংলাদেশ-ভারতের ম্যাচে টস করার সময় একটি অসাবধানতাবশত এবং অযৌক্তিক আচরণের বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দৃষ্টিগোচর হয়েছে।’
‘অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিম টসে উপস্থিত থাকতে পারেননি। সহ-অধিনায়ক জাওয়াদ আবরার ভারপ্রাপ্ত হয়ে টসে যান। বিসিবি স্পষ্ট করে বলতে চায় যে, প্রতিপক্ষ অধিনায়কের সাথে হ্যান্ডশেখ না করা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং মনোযোগের অভাবে ঘটেছিল। প্রতিপক্ষের প্রতি অভদ্রতা বা অবজ্ঞা প্রদর্শনের কোনও উদ্দেশ্য ছিল না।’
বিষয়টি গুরুত্বের সাথে দেখে বলে বিসিবি আরও জানিয়েছে, ‘বোর্ড বিষয়টিকে যথাযথ গুরুত্বের সাথে দেখেছে। কারণ যেকোনো পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ক্রিকেটের চেতনা এবং প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা বজায় রাখা একটি মৌলিক পূর্বশর্ত। তাৎক্ষণিকভাবে টিম ম্যানেজমেন্টকে সেই অনুযায়ী পরামর্শ দিয়েছে।’
‘দলের খেলোয়াড়দের প্রতিপক্ষ দলের সাথে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সকল ক্রীড়ানুরাগের সর্বোচ্চ মান বজায় রাখা দায়িত্ব সেটা মনে করিয়ে দেয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাঠে এবং মাঠের বাইরে ক্রিকেটের মূল্যবোধের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।’ বলে লিখেছে বোর্ড।
জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে শনিবার ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুশ মাহাত্রে ও বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার টসের পর হাত মেলাননি। কোন দলের সিদ্ধান্তে হাত মেলানোর রীতি মানা হয়নি তা পরিষ্কার নয়।






