
ঝিনাইদহ, ১৮ মার্চ – ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রাবার বুলেটের আঘাতে উজ্জ্বল হোসেন নামের ৩৫ বছর বয়সী এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
বুধবার ভোররাতে মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ শ্যামকুড় বিওপির মেইন পিলার থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে ফটিককারী নামক স্থানে এই ঘটনা ঘটে। আহত উজ্জ্বল হোসেন মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া বসতি পাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে উজ্জ্বল হোসেন সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীন ফটিককারী ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে এক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন।
ধারণা করা হচ্ছে, তিনি সীমান্তে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকতে পারেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বা পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ এম/ ১৮ মার্চ ২০২৬





