ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে।
রোববার (৭ জুন) সকাল ৬টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার নয়ন হোসেন জানান, খুলনা থেকে পার্বতীপুরগামী একটি তেলবাহী মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ করে ট্রেনটির পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রুটে রেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, উদ্ধার কাজের জন্য খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। সেটি পৌঁছানোর পর দ্রুত লাইন পরিষ্কার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে আশা করা হচ্ছে।



