বাংলাদেশের জ্বালানি চাহিদা মেটানো ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ এপ্রিল) এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস (এজেডইসি) সম্মেলনে ভার্চুয়াল বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে এই আহ্বানে দ্রুত ও ইতিবাচক সাড়া দেওয়ার অনুরোধ জানাই। তিনি উল্লেখ করেন, আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা জোরদার এবং সরবরাহ বিঘ্নজনিত সমস্যা মোকাবিলায় এশিয়ার দেশগুলোর মধ্যে সমন্বিত ও দূরদর্শী পদক্ষেপ নেওয়া জরুরি।
বাংলাদেশের সরকার প্রধান আরও বলেন, চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব নিয়ন্ত্রণে একটি শক্তিশালী ও সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন, বিশেষ করে স্বল্পোন্নত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায়। তিনি সতর্ক করে বলেন, জ্বালানি সংকট দীর্ঘায়িত হলে তা এসব দেশের জন্য বড় ধরনের অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয় ডেকে আনতে পারে।


