জেন-জি প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: সংসদে এমপি আব্দুল হান্নান মাসউদ – DesheBideshe

জেন-জি প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: সংসদে এমপি আব্দুল হান্নান মাসউদ – DesheBideshe

জেন-জি প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: সংসদে এমপি আব্দুল হান্নান মাসউদ – DesheBideshe

হাতিয়া, ২৯ মার্চ – বর্তমান প্রজন্মের তরুণরা যাদেরকে জেন-জি বলা হচ্ছে তারা আর ১৯৭২ সালের সংবিধান মেনে নিতে রাজি নয় বলে মন্তব্য করেছেন এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন।

হাতিয়া থেকে নির্বাচিত এই তরুণ সংসদ সদস্য নিজেকে বাংলাদেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ এমপি হিসেবে উল্লেখ করে বলেন, তিনি সংসদে জেন-জি প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন। তার দাবি, এই প্রজন্ম অতীতের অনেক রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে একমত নয় এবং তারা ৭২ এর সংবিধানের পরিবর্তন চায়। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, স্বাধীনতার ৩০ বছর পর জন্ম নেওয়া নতুন প্রজন্ম দীর্ঘ সময় ধরে নিজেদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছে এবং তারা এর জবাব জানতে চায়। পূর্বপুরুষদের আত্মত্যাগের বিনিময়ে একটি নিরাপদ ও গণতান্ত্রিক রাষ্ট্রের যে প্রত্যাশা ছিল বাস্তবে তা পুরোপুরি পূরণ হয়নি বলে তিনি হতাশা প্রকাশ করেন।

সংসদে দেওয়া ভাষণে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা, পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ এবং দেশের গণতান্ত্রিক চর্চা নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। একই সঙ্গে অতীতের নির্বাচনী অনিয়মের প্রসঙ্গ তুলে ধরে বর্তমানেও দেশে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

নিজের নির্বাচনী এলাকায় প্রচারণা ও দায়িত্ব পালনকালে একাধিকবার হামলার শিকার হওয়ার অভিযোগ তুলে আব্দুল হান্নান মাসউদ বলেন, নির্বাচনের সময় ও পরবর্তীতে তার ওপর আক্রমণের বেশ কিছু ঘটনা ঘটেছে যা ভিডিও ফুটেজেও দেখা গেছে। এছাড়া তিনি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান।

সহিংসতা ও অপরাধ দমনে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে তিনি একটি ধর্ষণের ঘটনার কথা উল্লেখ করেন যেখানে ভুক্তভোগীর জন্য এখনো ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হয়নি। পরিশেষে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেশে সন্ত্রাস ও সহিংসতা বন্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জোরালো আহ্বান জানান।

এ এম/ ২৯ মার্চ ২০২৬



Scroll to Top