
ঢাকা, ৭ ফেব্রুয়ারি – চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ড থেকে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফ। শনিবার ভোরে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে হেন্তের বিল এলাকা থেকে তাদের আটক করে নিয়ে যান ভারতীয় মেটারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা।
আটক দুই যুবক হলেন জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের ফকির পাড়ার সন্তোর ছেলে রকো হোসেন এবং একই গ্রামের মসজিদ পাড়ার খোদাবক্সের ছেলে রাশিদুল দুলি। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুই যুবকসহ কয়েকজন বিএসএফের নজর এড়িয়ে ভারতের কাঁটাতারের বেড়া ভেদ করে অনুপ্রবেশ করে। পরে দেশে ফেরার পথে তারা আটক হন। এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই দুই যুবক বাংলাদেশের শূন্য রেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রায় ৫০ গজ ভেতরে প্রবেশ করেছিল। মূলত মাদক আনতে গিয়ে তারা বিএসএফের হাতে মাদকসহ আটক হয়েছেন। বিএসএফের সঙ্গে যোগাযোগের মাধ্যমে জানা গেছে যে আটকদের ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এস এম/ ৭ ফেব্রুয়ারি ২০২৬





