জিম্বাবুয়ের কাছে আড়াই দিনেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

জিম্বাবুয়ের কাছে আড়াই দিনেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গিয়ে টেস্ট দিয়ে শুরু করেছে বাংলাদেশ। টেস্টে নেমে সুবিধা করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। মাত্র আড়াই দিনে এক ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হেরে বসেছে বাংলাদেশ। এক ম্যাচের সিরিজের ট্রফি ঘরেই রাখল জিম্বাবুয়ে।

হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবুয়ে। ব্যাটে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হয়। জবাবে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ৪১০ রান করে অলআউট হয়। দলটি প্রথম ইনিংস থেকে লিড পায় ২৭০ রানের। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ১৮৫ রানে অলআউট হলে জিম্বাবুয়ে সহজ জয় তোলে।

২৭০ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে দ্বিতীয় দিনে ৪০ রান তুলেছিল বাংলাদেশ, ১ উইকেট হারিয়েছিল। তৃতীয় দিন সকালে নেমেও জিম্বাবুয়ে বোলারদের কাছে সুবিধা করতে পারেননি সফরকারী ব্যাটাররা। বড় কোন রান আসেনি কোন ব্যাটারের থেকেই। সর্বোচ্চ ৩৪ রান করেন মুশফিকুর রহিম।

বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান এসেছে নাজমুল হোসেন শান্তর থেকে। ২৫ রান করেন অভিষেক হওয়া অমিত হাসান। অপর অভিষিক্ত তাওহীদ হৃদয়ের থেকে আসে মাত্র ৯ রান। ২২ রান করেন মাহমুদুল হাসান জয়। ১৫ রান হাসান মাহমুদের। ১২ রানে অপরাজিত থাকেন ইবাদত হোসেন।

জিম্বাবুয়ের দুই পেসার ব্লেসিং মুজারবানি ৪টি ও রিচার্ড এনগারাভা ৩টি করে উইকেট নেন। দুটি উইকেট নেন নিউম্যান। একটি উইকেট নেন ব্রাড ইভান্স।

জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ওপেনার ইনোসেন্ট কাইয়ার সেঞ্চুরি ১৪০ রানে ভর করে ৪১০ রানের বড় সংগ্রহ তোলে। আরও তিন ব্যাটার ফিফটি তুলে নিয়েছিলেন। তাইজুল ইসলাম এই ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন।

Scroll to Top