
🎧অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখতে জার্মানি থেকে নাটোরে এসে ব্যাগ হারিয়ে বিপাকে পড়েছেন ১৮ বছর বয়সী তরুণ পর্যটক কিরিল। তার হারানো ব্যাগে ছিল ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত জিনিসপত্র।
পুলিশ ডিভাইসের আইক্লাউড লোকেশন ট্র্যাক করে নওগাঁ এলাকায় সংকেত পেয়েছে এবং দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে বগুড়া থেকে ট্রেনে নাটোর রেলস্টেশনে পৌঁছান কিরিল। পরে স্টেশনের ওয়েটিং রুমে ব্যাগ ও অন্যান্য মালামাল রেখে এটিএম থেকে টাকা তুলতে যান তিনি।
কিরিল বলেন, এটিএমে যাওয়ার আগে ভেস্ট পরা এক রেলওয়ে কর্মকর্তাকে তার মালপত্র দেখভালের অনুরোধ করেন। ওই কর্মকর্তা জিনিসপত্র দেখাশোনার আশ্বাসও দেন। কিন্তু টাকা তুলে ফিরে এসে কিরিল দেখেন, তার ব্যাগ ও মালামালের পাশাপাশি ওই কর্মকর্তাকেও সেখানে পাওয়া যাচ্ছে না।
পরে স্টেশনসহ আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও ব্যাগের সন্ধান পাননি তিনি। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানালে তাকে নাটোর সদর থানায় যোগাযোগ করতে বলা হয়।
থানায় গিয়ে দীর্ঘ সময় সহায়তার অপেক্ষায় থাকতে হয় কিরিলকে। একপর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।
কিরিল জানান, তার হারানো ল্যাপটপের আইক্লাউড লোকেশন বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে নওগাঁ এলাকায় দেখাচ্ছিল। এতে ব্যাগটি উদ্ধারের আশা করছেন তিনি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর আহমেদ বলেন, “ঘটনাটি মূলত রেলওয়ে পুলিশের আওতাধীন হলেও ভুক্তভোগী বিদেশি নাগরিক হওয়ায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।”
তিনি বলেন, চুরি যাওয়া ডিভাইসের লোকেশন শনাক্ত করা হয়েছে। ওই লোকেশন অনুযায়ী পুলিশ পাঠানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ল্যাপটপ, ক্যামেরাসহ হারানো মালামাল উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
