বিকেল চারটার দিকে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে জামালপুর পৌরসভা ও সরিষাবাড়ী উপজেলার মধ্যে। ৯০ মিনিটের এই খেলায় জামালপুর পৌরসভা ২-১ গোলে বিজয়ী হয়েছে।
দেওয়ানগঞ্জ থেকে খেলা দেখতে এসেছিলেন বুলবুল আহাম্মেদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি দুই দলের খেলা দেখে মুগ্ধ হয়েছি। অভিভূত হয়েছি বিপুলসংখ্যক দর্শক দেখে। আমাদের সময়েও অনেক দর্শক হতো। কিন্তু জামালপুরের কোনো মাঠে এত দর্শক এর আগে দেখেছি বলে মনে হয় না। ফুটবল যে কত জনপ্রিয় খেলা, আজ আবার তা স্মরণ করিয়ে দিল।’
জামালপুর পৌরসভার প্রশাসক এ কে এম আবদুল্লাহ-বিন-রশিদ বলেন, ‘অনেক দিন পর জেলা পর্যায়ের ফুটবল–উন্মাদনা দেখলাম। পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল। গ্যালরিতে তিল ধারণের ঠাঁই ছিল না। এত মানুষ এর আগে কখনো এমন খেলায় দেখিনি। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষের আবেগ, ভালোবাসা আর ঐক্যের প্রতীক। মাঠের খেলোয়াড়েরা যেমন খেলার প্রাণ, তেমনি গ্যালারির দর্শকেরাই হলো সেই খেলার আত্মা। দর্শক ছাড়া ফুটবল খেলা কখনো পূর্ণতা পায় না।’



