জামায়াতের অফিসে আগুন ভূঞাপুরে বিএনপির ওয়ার্ড কমিটির কার্যক্রম স্থগিত – DesheBideshe

জামায়াতের অফিসে আগুন ভূঞাপুরে বিএনপির ওয়ার্ড কমিটির কার্যক্রম স্থগিত – DesheBideshe

জামায়াতের অফিসে আগুন ভূঞাপুরে বিএনপির ওয়ার্ড কমিটির কার্যক্রম স্থগিত – DesheBideshe

টাঙ্গাইল, ১৬ ফেব্রুয়ারি – টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় বিএনপির একটি ওয়ার্ড কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

রবিবার রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গাবসারা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির কার্যক্রম স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়। একইসাথে ঘটনা তদন্তের জন্য উপজেলা বিএনপির সহসভাপতি এস এম ফরহাদুল ইসলাম শাপলাকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে গাবসারা ইউনিয়নের মেঘার পটল গ্রামে রাজনৈতিক হীন উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত তথ্যে ঘটনার সাথে দলীয় নেতাকর্মীদের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ায় উক্ত ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিললে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু জানান যে প্রাথমিকভাবে দলের নেতাকর্মীরা ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং একারণেই কমিটি স্থগিত করা হয়েছে। উল্লেখ্য যে গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটলে অবস্থিত জামায়াতের অফিসে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

এ এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top