
ঢাকা, ১৮ মার্চ – জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা এ কে ফজলুল হক হলের একটি কক্ষ থেকে প্রত্নতত্ত্ব বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার ওই হলের ৪১৩ নম্বর কক্ষের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম অরূপ রতন কনিস্ক। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।
হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, ঈদের ছুটিতে অরূপ ওই কক্ষে একাই অবস্থান করছিলেন। বুধবার কক্ষটির সামনে দিয়ে যাওয়ার সময় জানালা দিয়ে কয়েকজন শিক্ষার্থী অরূপের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর তারা কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে খবর দেন।
প্রত্যক্ষদর্শী অং সিং জানান, তিনি হলে গিয়ে দেখেন কয়েকজন মিলে ওই কক্ষের দরজা ভাঙছেন। ভেতরে প্রবেশ করলেও পুলিশের জন্য অপেক্ষা করায় মরদেহটি সঙ্গে সঙ্গে নামানো হয়নি।
শের-ই বাংলা এ কে ফজলুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম জানান, দুপুর ২টা ২০ মিনিটের দিকে তারা ঘটনাটি জানতে পারেন। খবর পেয়ে তারা দ্রুত পুলিশকে অবহিত করেন। পরে পুলিশের সহায়তায় মরদেহটি নিচে নামানো হয়।
তিনি আরও জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
আশুলিয়া থানার উপপুলিশ পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক বলেন, প্রাথমিক তদন্তে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। আনুমানিক ১০ থেকে ১২ ঘণ্টা আগে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এনএন/ ১৮ মার্চ ২০২৬





