এএফসি নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে গোলবন্যায় ভাসিয়েছে জাপান। ভারতের মেয়েদের ১১-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে জাপানি মেয়েরা। দুর্দান্ত এ জয়ে আসরের কোয়ার্টার ফাইনালের দোরগোড়ায় পৌঁছে গেছে তারা।
অস্ট্রেলিয়ার পার্থে শনিবার ফিফা র্যাঙ্কিংয়ে আটে থাকা জাপানের এই গোল উৎসবে হ্যাটট্রিক করেছেন হিনাতা মিয়াজাওয়া ও রিকো উয়েকি। এছাড়াও জোড়া গোল করেছেন কিকো সেইকি এবং একটি করে গোল করেছেন মায়া হিজিকাটা, ইউই হাসগাওয়া ও ইয়ামামোতো।
১১ গোল ব্যবধানের জয় অবশ্য এশিয়ান কাপে জাপানের সবচেয়ে বড় নয়। ২০০১ আসরে তারা গ্রুপ পর্বে সিঙ্গাপুরকে ১৪-০তে হারিয়েছিল। একই আসরে গুয়ামের বিপক্ষে জাপানের জয় ছিল ১১-০ ব্যবধানে।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপ থেকে শেষ আট নিশ্চিত করেছে জাপান। গ্রুপ রানার্সআপ হওয়ার লড়াইটা এখন চায়নিজ তাইপে ও ভিয়েতনামের, যে দুদল ২ ম্যাচে ৩ পয়েন্ট করে পেয়েছে। ভারতের পয়েন্ট ২ ম্যাচে ০।
এশিয়ার মেয়েদের শীর্ষ এই ফুটবল প্রতিযোগিতায় সাউথ এশিয়ার দুটি দেশ বাংলাদেশ ও ভারত অংশ নিচ্ছে। বাংলাদেশও এরই মধ্যে দুটি ম্যাচ শেষ করেছে। প্রথম ম্যাচে চীনের বিপক্ষে ২-০তে হারের পর দ্বিতীয় ম্যাচে নর্থ কোরিয়ার বিপক্ষে তারা হেরেছে ৫-০ ব্যবধানে। ২ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ০।



