
ঢাকা, ১০ জুন – ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়েছে। বুধবার স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর পক্ষে এই কমিটিগুলোর প্রস্তাব উত্থাপন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি।
সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালি বিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রস্তাবগুলো পাস হয়।
চিফ হুইপ নূরুল ইসলাম মণির প্রস্তাব অনুযায়ী নরসিংদী ২ আসনের সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে সভাপতি করে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটির অন্য সদস্যরা হলেন মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, মইনুল ইসলাম খান, মোহাম্মদ ফখরুল ইসলাম, মোহাম্মদ শওকতুল ইসলাম, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, মোহাম্মদ সাইফুল আলম এবং মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ।
এর পরপরই সংসদের সম্পূরক কার্যসূচি অনুযায়ী সংবিধান ও কার্যপ্রণালি বিধি অনুসরণ করে কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠনপূর্বক মনোনয়ন দেওয়া হয়। এই কমিটিতে ভোলা ৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদকে সভাপতি মনোনীত করা হয়েছে।
কার্য উপদেষ্টা কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমান, ঢাকা ১৫ আসনের মো. শফিকুর রহমান, কুমিল্লা ১ আসনের ডক্টর খন্দকার মোশারফ হোসেন, ঢাকা ৩ আসনের গয়েশ্বর চন্দ্র রায়, ঠাকুরগাঁও ১ আসনের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রাম ১১ আসনের আমির খসরু মাহমুদ চৌধুরী এবং কক্সবাজার ১ আসনের সালাউদ্দিন আহমেদ।
এ ছাড়া এই পুনর্গঠিত কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, মো. নুরুল ইসলাম মণি, মো. আসাদুজ্জামান, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, মো. নাহিদ ইসলাম এবং মো. নওশাদ জমির। স্পিকার এই কমিটির নাম ঘোষণার পর তা সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এনএন/ ১০ জুন ২০২৬






