জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে ইসি | চ্যানেল আই অনলাইন

জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে ইসি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। বৈঠকে যোগ দিয়েছেন চার নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৃহস্পতিবার ২১ আগস্ট দুপুরে ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক শুরু হয়।

রোডম্যাপ চূড়ান্তের পরই সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনাররা বৈঠকে বসবেন। কবে এই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে সেটিও জানাবে ইসি।

ইসির সূত্রগুলো জানাচ্ছে, এখন পর্যন্ত নির্বাচন কমিশন যে পরিকল্পনা করেছে, সে অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগেই প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন, ভোটের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে।

এরই মধ্যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে।

চলতি বছরের শুরুতে যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে, সে অনুযায়ী ১২ কোটি ৩৭ লাখ ভোটার আগামী নির্বাচনে ভোট দিবে। এবার প্রথম বারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী ভোটাররা।

জ্যেষ্ঠ্য সচিব আখতার আহমেদ বলেন, জাতীয় নির্বাচনের রোডম্যাপের একটি খসড়া তৈরি করেছে ইসি সচিবালয়। কমিশনের অনুমোদনের পর তা প্রকাশ করা হবে। সাধারণত ভোটার তালিকা, নির্বাচনি আইনের সংস্কার, দল ও অংশীজনের সঙ্গে সংলাপ, সীমানা নির্ধারণ, দল নিবন্ধন, সরঞ্জাম কেনাকাটা, প্রশিক্ষণ, মুদ্রণ, আইন শৃঙ্খলা সভা, নির্বাচনি কর্মকর্তাদের নিয়ে সভাসহ তফসিলের আগে-পরে প্রস্তুতির তালিকা থাকে রোডম্যাপে।

Scroll to Top