জাতীয় নিরাপত্তায় ছাড় দেওয়া হবে না: শাহবাজ শরীফ | চ্যানেল আই অনলাইন

জাতীয় নিরাপত্তায় ছাড় দেওয়া হবে না: শাহবাজ শরীফ | চ্যানেল আই অনলাইন

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। দেশের জনগণ ও সশস্ত্র বাহিনী মাতৃভূমি রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত বলেও তিনি জোর দিয়ে উল্লেখ করেন।

আজ ২৭ ফেব্রুয়ারি শুক্রবার সরকারি এক বিবৃতিতে শাহবাজ শরিফ জানান, ফিল্ড মার্শাল অসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের সশস্ত্র বাহিনী যেকোনো শত্রুতাপূর্ণ তৎপরতার জবাব দিতে সক্ষম। দেশের নিরাপত্তার বিরুদ্ধে কোনো হুমকি বরদাশত করা হবে না এবং যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, পাকিস্তান সবসময় শান্তি চাইলেও দেশের ঐক্য ও অখণ্ডতায় আঘাত এলে কঠোর অবস্থান নেওয়া হবে।

এদিকে সীমান্ত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অ্যান্তোনিও গুতেরেস। তার মুখপাত্রের মাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি উভয় পক্ষকে আন্তর্জাতিক আইন ও মানবিক আইন মেনে চলার আহ্বান জানান। বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি।

শুক্রবার সকালে সর্বশেষ খবর অনুযায়ী, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। নিরাপত্তা সূত্রের দাবি, পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানের নানগারহার প্রদেশে একটি বড় অস্ত্র ও গোলাবারুদের ডিপোতে হামলা চালিয়ে তা ধ্বংস করেছে। একই সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণার কথাও জানানো হয়েছে। তালেবান বাহিনীর পদক্ষেপের জবাবে পাকিস্তানি বাহিনী ‘গাজাব-লিল-হক’ নামে অভিযান শুরু করে।

জিওটিভি নিউজকে পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা জানান, সীমান্তে উসকানিমূলক হামলার জবাবে পরিচালিত অভিযানে আফগান তালেবান প্রশাসনের ১৩৩ জন সদস্য নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Scroll to Top