জাতীয় ঈদগাহে বিচারপতি রউফের জানাজা সম্পন্ন, দাফন ময়মনসিংহে

জাতীয় ঈদগাহে বিচারপতি রউফের জানাজা সম্পন্ন, দাফন ময়মনসিংহে

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রউফের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। 

সোমবার বাদ যোহর জাতীয় ঈদগাহ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের গ্রামের বাড়িতে সর্বশেষ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

জানাজায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আশফাকুল ইসলাম, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বিপুল সংখ্যক মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। জানাজার নামাজের আগে বিচারপতি রউফের বড় ছেলে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুল রউফ তার বাবার রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান।

বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ১৯৬২ সালে তৎকালীন ঢাকা হাইকোর্টে আইন-ব্যবসায় নিয়োজিত হন। ১৯৭০ সালে তিনি তৎকালীন পাকিস্তান সুপ্রীম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮২ সালের ২৯ জানুয়ারি তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিযুক্ত হন। হাইকোর্ট বিভাগে বিচারপতি পদে থাকাকালে ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন বিচারপতি আবদুর রউফ। তিনি ১৯৯৫ সালের জুন মাসে আপীল বিভাগের বিচারক হিসেবে নিযুক্ত হন। ১৯৯৯ সালের ১ ফেব্রুয়ারি তিনি অবসরগ্রহণ করেন।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গতকাল ৯ ফেব্রুয়ারী সকাল ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি। বিচারপতি রউফ হৃদযন্ত্রের জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Scroll to Top