জাতিসংঘের মাধ্যমে শাপলা চত্বরে হত্যার তদন্ত চায় হেফাজত

জাতিসংঘের মাধ্যমে শাপলা চত্বরে হত্যার তদন্ত চায় হেফাজত

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশের উপর তৎকালীন আওয়ামী লীগ সরকারের বর্বর হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং ওই হামলার ঘটনা জাতিসংঘের মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছে হেফাজত ইসলামী বাংলাদেশ।

শনিবার (২৬ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে এক বৈঠকে হেফাজত নেতৃবৃন্দ এসব দাবি উত্থাপন করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে হেফাজত নেতারা শাপলা চত্বর হত‍্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থার অনুরোধ জানান। এই ঘটনার যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের পাশাপাশি হামলার বিষয়ে জাতিসংঘের মাধ‍্যমে অনুসন্ধান করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি করেন নেতারা।

এছাড়াও ফ‍্যাসিবাদি শাসনামলে হেফাজতের নেতাকর্মী ও আলেম ওলামাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকে।

বৈঠকে হেফাজত নেতা মাওলানা মামুনুল হক, মাওলানা খুলিল আহমেদ কুরাইশী, মাওলানা সাজেদুর রহমান, মুফতি জসিম উদ্দিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দীন রব্বানী, , মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাও. আজিজুল হক ইসলামাবাদী, মুফতি বশির উল্লাহ এবং মুফতি কেফয়তুল্লাহ আজহারী উপস্থিত ছিলেন।

এছাড়াও বৈঠকে ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

Scroll to Top