জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, পঞ্চগড়ে কলেজ ছাত্র গ্রেপ্তার – DesheBideshe

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, পঞ্চগড়ে কলেজ ছাত্র গ্রেপ্তার – DesheBideshe


জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, পঞ্চগড়ে কলেজ ছাত্র গ্রেপ্তার – DesheBideshe

পঞ্চগড়, ২৩ এপ্রিল – পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে শাকিল আহমেদ নামে এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাকিল ওই ইউনিয়নের নগর ভাউলাগঞ্জ এলাকার বুলবুল ইসলামের ছেলে। তিনি ঢাকার তেজগাঁও কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার শাকিল আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে জাইমা রহমানের ছবির সাথে নিজের ছবি জুড়ে দিয়ে একটি বিতর্কিত পোস্ট করেন। পোস্টের স্ক্রিনশট দ্রুতই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ অভিযান চালিয়ে শাকিলকে আটক করে।পরবর্তীতে বুধবার রাতে চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সম্রাট বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, অভিযুক্তের ফেসবুক প্রোফাইল পর্যালোচনায় বিতর্কিত পোস্টের সত্যতা পাওয়া গেছে। জনরোষ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাকে দ্রুত আইনের আওতায় আনা হয়েছে।

এনএন/ ২৩ এপ্রিল ২০২৬



Scroll to Top