চলচ্চিত্রটির নির্মাতা নাঈম মোহাইমেন যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভিজ্যুয়াল আর্টস বিভাগে কর্মরত। প্রদর্শনী শেষে সরাসরি দর্শকদের প্রশ্নের উত্তর দেন তিনি।
নাঈম বলেন, কাজটির শুরু ছিল গবেষণামূলক এক লেখার ভাবনা থেকে। কয়েক বছর ধরে পরিবারের সদস্য, সহকর্মী ও চলচ্চিত্রবোদ্ধাদের সাক্ষাৎকার নিতে গিয়ে বুঝতে পারেন তিনি ব্যক্তি জহির রায়হানকে নয়, বরং তাঁর কিংবদন্তিই বেশি আবিষ্কার করছেন।
নাঈম মোহাইমেন বলেন, মৌখিক ইতিহাসে যেমন শক্তিশালী কোনো গল্প ব্যক্তিগত স্মৃতিতে জায়গা করে নেয়, জহির রায়হানের ক্ষেত্রেও সেটি ঘটেছে। জহির রায়হানের স্মৃতিচর্চা দীর্ঘদিন ধরে সীমিত থেকেছে মূলত ‘জীবন থেকে নেয়া’ ও ‘স্টপ জেনোসাইড’ চলচ্চিত্রের আলোচনার মধ্যে। ফলে তাঁর আগের দশকের বহু ছবি, বিশেষ করে উর্দু ভাষায় নির্মিত চলচ্চিত্রগুলো প্রায় অদৃশ্য হয়ে গেছে। এমন প্রেক্ষাপটে জহির রায়হানকে জানতে হলে তাঁর ছবির মধ্যেই ফিরে যেতে হবে বলে মনে করেন তিনি।

