জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। এর আওতায় তারা কোনো ধরনের জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন। পাশাপাশি নির্ধারিত শর্ত পূরণ করে জর্ডানেই বৈধভাবে থেকে কাজ করার সুযোগও পাবেন।
বুধবার (১৭ জুন) জর্ডানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশটিতে অবস্থানরত সব অবৈধ বিদেশি শ্রমিকের জন্য এ সাধারণ ক্ষমা কার্যক্রম চালু করা হয়েছে। এর ফলে অবৈধভাবে বসবাসরত শ্রমিকরা জরিমানা ছাড়াই নিজ দেশে ফিরতে পারবেন অথবা প্রয়োজনীয় শর্ত পূরণ করে বৈধভাবে জর্ডানে থেকে কর্মসংস্থান চালিয়ে যেতে পারবেন।
এ ছাড়া সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে শ্রমিকরা কর্মস্থল পরিবর্তন করতে পারবেন। গৃহকর্মীরাও নতুন নিয়োগকর্তার অধীনে কাজের সুযোগ পাবেন। ভ্রমণ বা টুরিস্ট ভিসায় জর্ডানে যাওয়া ব্যক্তিরাও ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন।
বাংলাদেশ দূতাবাস এ সুবিধা নিতে আগ্রহী প্রবাসীদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তার জন্য দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।
সংশ্লিষ্টদের মতে, বিভিন্ন কারণে অবৈধ অবস্থায় থাকা বাংলাদেশি শ্রমিকদের জন্য এ উদ্যোগ বড় ধরনের স্বস্তি এনে দেবে। এর মাধ্যমে তারা জরিমানা ও আইনগত জটিলতা ছাড়াই নিজেদের অবস্থান বৈধ করতে বা নিরাপদে দেশে ফিরতে পারবেন।



