জয়পুরহাটে বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া, দলীয় কার্যালয়ে আগুন, ১৪৪ ধারা জারি

জয়পুরহাটে বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া, দলীয় কার্যালয়ে আগুন, ১৪৪ ধারা জারি

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নে ওয়ার্ড কমিটি গঠন নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির একটি পক্ষের দলীয় কার্যালয়ের আসবাব ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে।

এ ঘটনায় পুনটে বিবদমান দুটির পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন আজ রোববার বেলা তিনটা থেকে আগামীকাল সোমবার সকাল আটটা পর্যন্ত পুনটে ১৪৪ ধারা জারি করেছে। পুলিশ ও সেনাবাহিনী পুনট বাজার টহল দিচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুনট ইউনিয়নের বিএনপিতে বিভক্তি আছে। এ কারণে পুনট বাজারে বিএনপির তিনটি দলীয় কার্যালয় আছে। কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম ফকিরের নেতৃত্বে আজ রোববার বেলা তিনটার দিকে পুনট ইউনিয়নের ৯টি ওয়ার্ড কমিটি ঘোষণার প্রস্তুতি নেওয়া হয়। দলের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে ইব্রাহিম ফকির তাঁর অনুগতদের নিয়ে ওয়ার্ড কমিটি গঠন করছেন বলে একটি পক্ষের নেতা-কর্মীরা অভিযোগ তোলেন। কমিটি প্রতিহত করার ডাক দিয়ে তাঁরা কালাই উপজেলা সদর থেকে দলবল নিয়ে পুনট বাজারের দিকে রওনা দেন। খবর পেয়ে আগেই পুলিশ ও সেনাবাহিনী পুনট বাজারে অবস্থান নেয়। এ সময় কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেকার রহমান আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় পুরো পুনট ইউনিয়নে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন।

Scroll to Top