সেনেগালে জন্ম। তবে আট বছর বয়সে পরিবারের সঙ্গে ফ্রান্সে পাড়ি জমিয়েছিলেন প্যাট্রিক ভিয়েরা। ১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা সেই ভিয়েরা আজ সেনেগাল ফুটবলের দলে কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন।
বিশ্বকাপের শেষ ৩২ থেকে বিদায় নেওয়ার পর বরখাস্ত করা হয়েছিল সেনেগালের কোচ পাপে থিয়াওকে। তাঁর জায়গায় মঙ্গলবার সেনেগালের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইংলিশ ক্লাব আর্সেনালের সাবেক মিডফিল্ডার ভিয়েরাকে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে খবরটি নিশ্চিত করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন। তবে ৫০ বছর বয়সী ভিয়েরার সঙ্গে চুক্তির মেয়াদ বা অন্যান্য বিবরণ প্রকাশ করা হয়নি।